ফোরকে সুবিধার নতুন টিভি স্টিক আনলো শাওমি

১৭ ডিসেম্বর, ২০২১ ২১:৫৬  
বর্তমানে বাজারে অ্যান্ড্রয়েড টিভি স্ট্রিমিং ডিভাইসের অভাব নেই। তবে উৎপাদনকারীরা নতুন নতুন ডিভাইস আনা বাদ দিচ্ছে না। শাওমিও এক্ষেত্রে পিছিয়ে থাকছে না। কোম্পানিটি একাধিক রেঞ্জের অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের মতো টিভি স্ট্রিমিং ডিভাইসেও নতুন মডেল ‘শাওমি টিভি স্টিক ফোরকে’ যুক্ত করলো। খবর ফোন এরিনা। এর আগে শাওমি একই ধরণের পণ্যের মধ্যে ছিলো এমআই বক্স এবং এমআই টিভি স্টিক। তবে আগের ডিভাইসের থেকে নতুন এই ডিভাইসের পার্থক্য হলো এটি ফোরকে রেজ্যুলেশন সমর্থন করে। এখন পর্যন্ত ডিভাইসটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কোম্পানির ওয়েবসাইটে নিজস্ব পণ্যের তালিকায় এটি যুক্ত হয়েছে। শাওমি টিভি স্টিক ফোরকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ পরিচালিত এবং এতে প্রিইনস্টলড হিসেবে ক্রোমকাস্ট রয়েছে। যুক্ত হয়েছে শাওমির নিজস্ব প্যাচওয়াল ইউআই কাস্টম স্কিন। ঠিক কোন চিপ এতে ব্যবহার করা হয়েছে সেটি উল্লেখ করা না হলেও বিস্তারিত পেজে বলা হয়েছে, এতে রয়েছে কোয়াড-কোড কর্টেক্স এ৩৫ প্রসেসর। ভিতরে ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারন্যাল মেমরি রয়েছে। গুগল প্লে স্টোর সুবিধা থাকায় অ্যান্ড্রয়েড টিভি ১১ এর সকল অ্যাপসের সুবিধা পাবেন গ্রাহকরা। ডিবিটেক/বিএমটি